ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উত্তাপ ছড়িয়েছে। বর্তমান রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে এনসিপির শীর্ষ নেতারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সংসদ ভবনের প্রধান প্রবেশপথের সামনে এই কর্মসূচি শুরু করেন। এতে সরাসরি অংশ নিয়েছেন দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কয়েকশ নেতাকর্মী।
এনসিপির তিন দফা দাবি হলো:
১. সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত জনমতের ভিত্তিতে দ্রুত সংবিধান সংস্কার বাস্তবায়ন করা।
২. বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার আইনি প্রক্রিয়া অবিলম্বে শুরু করা।
৩. জুলাই গণহত্যার বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচি চলাকালীন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “আজ সংসদের প্রথম অধিবেশন। আমরা সংসদের শুরুতেই ‘জনতার দাবি’গুলো তুলে ধরতেই এখানে অবস্থান নিয়েছি। জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় এই দাবিগুলো পূরণ করা সরকারের নৈতিক দায়িত্ব।”
এদিকে, বাইরে এনসিপির এই বিক্ষোভ ও অবস্থানের মধ্যেই বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments