Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই কার্য উপদেষ্টা কমিটিসহ গুরুত্বপূর্ণ পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে কমিটিগুলো অনুমোদিত হয়।

কার্য উপদেষ্টা কমিটি
সংসদ পরিচালনার নীতিনির্ধারণী এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই। কমিটির সদস্যরা হলেন— সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও নওশাদ জামির।

বিশেষ কমিটি (অধ্যাদেশ পর্যালোচনা)
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জয়নাল আবদিনের সভাপতিত্বে গঠিত এই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, ড. এম ওসমান ফারুক ও এ এম মাহবুব উদ্দিন খোকন। উল্লেখ্য, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ ২০২৫’ এবং ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ’সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো উত্থাপন করেন।

বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি
এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্য হিসেবে আছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, ব্যারিস্টার কায়সার কামাল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক ও নাহিদ ইসলাম।

অন্যান্য কমিটি
বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মো. শাহজাহান। সদস্যদের মধ্যে রয়েছেন আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন ও আখতার হোসেন প্রমুখ। এছাড়া সংসদ ও বেসরকারি সদস্য বিল কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

সংসদীয় কার্যসূচি অনুযায়ী, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধন এবং বাংলাদেশ ব্যাংক সংশোধন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাসের অপেক্ষায় রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর