Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সংসদ কার্য উপদেষ্টা কমিটি। 

শনিবার (১৪ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আরও অংশগ্রহণ করেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানানো হয়, বৈঠকে বর্তমান অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যদিবস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে এবং আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় বা কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ জমা পড়েছে।

অধিবেশনের কার্যাদি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে কার্য উপদেষ্টা কমিটির এই প্রথম বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর