Image description

বাগেরহাটের মোংলায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় লিথির স্বামী ও ওয়ার্ড বিএনপি সদস্য অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মোংলার চিলা বাজার সংলগ্ন তানিয়া বিশ্বাস লিথির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে আটক হন অভিজিৎ পাড়ই শান্ত। তিনি মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে।

এলাকাবাসী জানান, প্রভাবশালী এই নেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মদ উদ্ধারের বিষয়ে তানিয়া বিশ্বাস লিথি বলেন, "আমার ঘর থেকে মদ উদ্ধারের ঘটনা সত্য, তবে এগুলো আমাদের নয়। আমার স্বামীর এক পরিচিত ব্যক্তি সাময়িকভাবে এগুলো আমাদের ঘরে রাখতে দিয়েছিলেন।" তবে ওই ব্যক্তির নাম বা পরিচয় তিনি স্পষ্ট করেননি।

এ বিষয়ে মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, "অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন সবার জন্য সমান। সে যত বড় নেত্রীই হোক না কেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।"

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বিদেশি মদের একটি বড় চালানসহ আটক ব্যক্তিকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর