সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচন এবং কমিশনের কার্যক্রম নিয়ে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, "নির্বাচন কমিশন হিসেবে জাতির কাছে আমাদের যেসব ওয়াদা ছিল, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি।"
সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সিইসি বলেন, "ভোটকেন্দ্রে কাউকে বাধা দেওয়া, ভোটারদের তাড়িয়ে দেওয়া কিংবা কোনো ধরনের কারচুপির একটি অভিযোগও কমিশন পায়নি। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সফলভাবে সম্পন্ন হয়েছে।"
আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানে নারীদের জয়গান গেয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, "সংসার সামলানোর পাশাপাশি দেশের সব গুরুত্বপূর্ণ কাজে নারীরা পুরুষদের সমানতালে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে নির্বাচনের সময় নারী কর্মকর্তাদের ভূমিকা ছিল অত্যন্ত সাহসী ও প্রশংসনীয়। তাঁদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ইসি তাঁদের পুরস্কৃত করার কথা গুরুত্বের সাথে ভাবছে।"
সিইসি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে নারীদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। প্রশাসনের সর্বস্তরে এবং নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরবর্তী সময়ে সিইসির এমন বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে কমিশনের স্বচ্ছ ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments