Image description

বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা পুনরায় চালু করার লক্ষ্যে কাজ করছে ভারত। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ তথ্য জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, "বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। তবে ঠিক কবে থেকে এটি শুরু হবে, তা চূড়ান্ত হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হবে।" উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভারত ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা সেবা সীমিত বা বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, হাইকমিশনারের এই বক্তব্যে সেখানে আশার আলো দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে হাইকমিশনার জানান, বৈঠকে দুই দেশের মধ্যে 'ক্রস বর্ডার পাওয়ার' (সীমান্তবর্তী বিদ্যুৎ সরবরাহ) এবং 'এনার্জি কানেক্টিভিটি' (জ্বালানি সংযোগ) নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের বিদ্যমান এই সহযোগিতা কীভাবে আরও শক্তিশালী ও বেগবান করা যায়, সে বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।

প্রণয় ভার্মা আরও জানান, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের অংশীদারিত্ব বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট মহলের ধারণা, ভারতীয় হাইকমিশনারের এই আশ্বাস এবং দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতার আলোচনা দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।

মানবকণ্ঠ/আরআই