সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষ পর্যায়ে। শুরু হয়েছে নাড়ির টানে বাড়ি ফেরার পালা। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশজুড়ে শুরু হয়েছে সরকারি ছুটি। সবার মনে এখন একটাই প্রশ্ন—পবিত্র ঈদুল ফিতর আসলে কবে? জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস এবং চাঁদ দেখার সম্ভাব্য সময় নিয়ে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য।
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসবে। তবে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে সেখানে রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে এবং বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বাংলাদেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বাংলাদেশে ঈদের তারিখ চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) অর্থাৎ রমজানের ২৯তম দিনে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশবাসী মেতে উঠবে ঈদের আনন্দে।
ইসলামিক ফাউন্ডেশন ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের আকাশে চাঁদ দেখার সংবাদ পাওয়ার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ঘোষণা আসবে। তবে ক্যালেন্ডার ও জ্যোতির্বিজ্ঞানের বর্তমান সমীকরণ শনিবারের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এদিকে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
মানবকণ্ঠ/আরআই




Comments