লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবকে কারামুক্ত হওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলগেট এলাকায় নাটকীয়ভাবে তাকে আটক করা হয়।
এর আগে গত ১১ মার্চ তাকে নিজ বাড়ি থেকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছিল। সোমবার সেই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার সকালে কারাগার থেকে ছাড়া পান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে বিপ্লব কারামুক্ত হন। জেলগেটে তার বড় ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজলসহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথরোধ করে। পরে আরও কয়েকজন পোশাকধারী পুলিশ সদস্য এসে বিপ্লবকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নেয়। এ সময় সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এদিকে চেয়ারম্যান বিপ্লবকে পুনরায় আটকের ঘটনার নেপথ্যে ভিজিএফ চালের ভাগাভাগি নিয়ে একটি কল রেকর্ড ফাঁসের ঘটনা নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে ভিজিএফ চালের ৩০ শতাংশ কমিশন দাবি নিয়ে দুই বিএনপি নেতার সঙ্গে চেয়ারম্যান বিপ্লবের কথোপকথন ফাঁস হয়। ওই অডিওতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়কে চেয়ারম্যানের কাছে এমপির 'ভাগ' দাবি করতে শোনা যায়। যদিও সংশ্লিষ্ট বিএনপি নেতারা এই অডিওর সঙ্গে গ্রেফতারের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অডিও ফাঁসের ঘটনার সঙ্গে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। মূলত সন্ত্রাসীদের সুসংগঠিত করার অভিযোগে তাকে পুনরায় আটক করা হয়েছে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোন মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়েছে তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments