Image description

পবিত্র শবে কদর-এর সরকারি ছুটির দিনেও সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, সরকারি ছুটি থাকা সত্ত্বেও আজ দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি নিজেই। গুরুত্বপূর্ণ এই বৈঠকে আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে ইরান-ইসরায়েল যুদ্ধ—এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক প্রস্তুতিও আলোচনার এজেন্ডায় রয়েছে।

মন্ত্রিসভার এ বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করবেন। এ সময় আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও একটি বৈঠক করবেন তিনি।

উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এ ছাড়া আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এর ফলে মঙ্গলবার থেকেই মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। তবে ছুটির মধ্যেও দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।