যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হবেন। সেখানে প্রথমে তিনি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
কূটনীতিকদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক ও সাংবাদিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সবশেষে তিনি সাধারণ জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
যমুনায় নির্ধারিত শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এ সময় তিনি মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা ও এর আশপাশের এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দীর্ঘ সময় পর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সুযোগ সৃষ্টি হওয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments