Image description

খুশির ঈদের আমেজের মধ্যেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির তাণ্ডব চলতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বুধবার (১৮ মার্চ) সকালে আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) এক বিশেষ পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

৫ দিনের বিস্তারিত পূর্বাভাস:

১৯ মার্চ: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

২০ মার্চ: বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

২১ মার্চ: এই দিনে দেশের বিশাল একটি অংশজুড়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ মার্চ: উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বজায় থাকলেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবহাওয়া কিছুটা উন্নত হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, লঘুচাপের প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, যা বজ্রঝড় ও শিলাবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। ঝড়ের সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা জায়গা পরিহার করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঘরমুখো মানুষ ও খোলা জায়গায় যারা ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছেন, তাদের আবহাওয়ার খবরাখবর রাখতে বলা হয়েছে।

ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় ফসলের ক্ষয়ক্ষতির বিষয়েও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

মানবকণ্ঠ/আরআই