Image description

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে চাঁদের অবস্থান অনুযায়ী বাংলাদেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। উৎসবের এই দিনে রাজধানী ঢাকার ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সেজন্য প্রধান প্রধান ঈদ জামাতের স্থান ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

নিচে রাজধানীর উল্লেখযোগ্য ঈদ জামাতগুলোর সময়সূচি দেওয়া হলো:

জাতীয় ঈদগাহে প্রধান জামাত: সকাল ৮টা ৩০ মিনিট
হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, কূটনৈতিক এবং সরকারের পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

বায়তুল মোকাররমে ৫টি জামাত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সময়গুলো হলো—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আগারগাঁও
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজনে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে (মসজিদুল জামি’আ) দুটি জামাত হবে; প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি ৯টায়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল, শহীদুল্লাহ হল লন এবং ফজলুল হক মুসলিম হলের খেলার মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি জামাত
বসুন্ধরা আবাসিক এলাকায় এবার রেকর্ড ১৭টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত হবে। এরপর বিভিন্ন ব্লকের মসজিদগুলোতে পৌনে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ধাপে ধাপে জামাত অনুষ্ঠিত হবে।

অন্যান্য উল্লেখযোগ্য জামাতসমূহ

সকাল ৭টা ও সাড়ে ৭টা: মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ (৭টা), ধূপখোলা মাঠ (সাড়ে ৭টা), ঢাবি খেলার মাঠ (সাড়ে ৭টা) এবং দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ (সাড়ে ৭টা)।

সকাল ৮টা: মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, তিতুমীর কলেজ মাঠ, লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদ এবং ফরিদাবাদ মাদরাসা মসজিদ।

সকাল সাড়ে ৮টা: নারিন্দা মুশুরিখোলা দরবার শরীফ ও জুরাইন বাইতুল জলিল জামে মসজিদ।

এর বাইরে রাজধানীর খিলগাঁও, মাদারটেক, মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকার স্থানীয় মসজিদ ও ঈদগাহগুলোতে কমিটির নির্ধারিত সময় অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে।

মানবকণ্ঠ/ডিআর