বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবা। দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। আজ ২৯ রমজান শেষে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।
শনিবার সকালে সারা দেশে ঈদের প্রধান জামাতসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন কোটি কোটি মুসল্লি। এর মাধ্যমেই শেষ হবে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির মাস রমজান।
মানবকণ্ঠ/ডিআর




Comments