আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ এবং এটি ভবিষ্যতেও বন্ধই থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সময় সংবাদের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আওয়ামী লীগের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, সেটি বন্ধ আছে এবং বন্ধই থাকবে।’ দলটির হঠাৎ গোপন তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কিছু কিছু কাজ করার চেষ্টা করবেই, করছেও। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কারণ দেশের মানুষ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান (রিজেক্ট) করে দিয়েছে।’
গণতন্ত্রের পথচলা নিয়ে বিএনপি মহাসচিব মন্তব্য করেন, ‘রাজনীতি ও গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত (লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে)। বিচ্ছিন্ন কোনো কিছু দেখে যদি রাজনীতি বা গণতন্ত্রের পথ আটকে দেওয়া হয়, তবে সেটি একটি বিকৃত রূপ নিতে পারে। আওয়ামী লীগ বাদে বাকি যারা আছে, তারা স্বাভাবিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।’
উল্লেখ্য, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে এবং পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়ায় দলটির কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপিত হয়। স্থানীয় সরকার মন্ত্রীর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ থাকছে না।
মানবকণ্ঠ/ডিআর




Comments