Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের দিনের প্রকৃত আনন্দ। আজ শনিবার (২১ মার্চ) সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে বিশেষ প্রার্থনা করেন।

বৈশ্বিক অপরাধ ও ডিজিটাল জালিয়াতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতারণা বা ফ্রড বর্তমানে কোনো একটি নির্দিষ্ট দেশের সীমানায় সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে এই অপরাধ ভয়াবহ আকার ধারণ করছে। এটি মোকাবিলায় জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপরাধীরা যেহেতু সীমান্ত মানে না, তাই আন্তর্জাতিক সহযোগিতা ও চুক্তির মাধ্যমে বৈশ্বিক সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।’

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট বর্তমান সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু। আমরা এই সমস্যার একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা এবং কার্যকর তদন্ত ও সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করি, বিশ্ব সম্প্রদায় এই সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে।’

এর আগে, সকাল ৮টা ৫০ মিনিটে মন্ত্রী পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান। নামাজ শেষে তিনি উপজেলা মাঠ পরিদর্শন করেন এবং মাঠের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর সকাল ১০টার দিকে তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তাঁর প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নামাজ শেষে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

মানবকণ্ঠ/ডিআর