রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এরপর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলামসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসভবনে ফিরে গেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments