এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তাকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আগেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া ফেনীতে আরও তিনটি এবং ডিএমপির বিভিন্ন থানায় পাঁচটি মামলা বর্তমানে তদন্তাধীন।
ডিবি প্রধান আরও জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে তাকে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার মোট ১০১ জন আসামির মধ্যে তিনি ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে ডিবি।
মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ প্রভাবশালী ও আলোচিত নাম ছিলেন। পরবর্তী সময়ে তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments