দেশের সড়ক-মহাসড়কে অনিয়ম ও বেপরোয়া গতি বন্ধ করতে সব গণপরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, "সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এখন থেকে সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। বিশেষ করে মহাসড়কে কোনো যানবাহন ৮০ কিলোমিটারের বেশি গতিতে চললে জিপিএস প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"
এবারের ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় দেড় কোটি মানুষ মাত্র তিন দিনে ঢাকা ছেড়েছেন। সামগ্রিকভাবে এবারের ঈদযাত্রা অন্যান্য সময়ের চেয়ে স্বস্তিদায়ক ও নিরাপদ ছিল। তবে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ১৭০ জন প্রাণ হারিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, গত বছর এই সময়ে নিহতের সংখ্যা ছিল ১৮৭ জন। এবার মৃত্যুহার কিছুটা কমলেও সরকার একটি প্রাণহানিও কাম্য মনে করে না।
দুর্ঘটনার দায়বদ্ধতা নিয়ে মন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন। তিনি জানান, রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ‘সৌহার্দ্য পরিবহন’-এর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে ওই কোম্পানির সব বাসের রুট পারমিট ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এছাড়া রেল দুর্ঘটনার দায়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট গার্ড ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, এবারের ঈদ মৌসুমে সড়ক ও নৌপথ মিলিয়ে মোট ১৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে ২৮ জন এবং রেলপথে ১৭ জন প্রাণ হারিয়েছেন। বাকিরা স্থানীয় এলজিইডি সড়ক ও অন্যান্য ছোট দুর্ঘটনায় মারা গেছেন। সড়কে মৃত্যু আরও কমিয়ে আনতে সরকার জিপিএস প্রযুক্তিসহ আরও আধুনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments