টানা ১৩ দিনের বিরতি শেষে রোববার (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মূলতবি বৈঠক। বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই সভা শুরু হয়।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। তবে পবিত্র ঈদুল ফিতর এবং সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ অধিবেশনটি সাময়িকভাবে মূলতবি করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, আজকের অধিবেশনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনা। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। এছাড়া অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন নোটিশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
সংসদীয় কার্যক্রম অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সংসদীয় রীতি অনুযায়ী, প্রতিটি নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা ও ধন্যবাদ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments