Image description

রাজশাহী বিভাগে হামের সংক্রমণ বেড়ে ৩১ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ।

বিশ্বস্বাস্থ্য সংস্থা বিভাগের প্রত্যেক জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে। এতে ৩১ দশমিক ৩০ শতাংশ নমুনায় হাম পজিটিভ হচ্ছে।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত রাজশাহী বিভাগের ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের হাম পজিটিভ পাওয়া গেছে। সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩০ শতাংশ। গত ২৬ মার্চ পর্যন্ত এই নমুনা নেওয়া হয়।

এর আগে গত ১৮ মার্চ পর্যন্ত ১৫৩ জনের নমুনা থেকে ৪৪ জন হাম পজিটিভ রোগী পাওয়া যায়। তখন সংক্রমণের হার ছিল প্রায় ২৯ শতাংশ। পরবর্তী আট দিনে রাজশাহী বিভাগে হাম সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি বলে জানান তিনি।

হাম ভীষণ ছোঁয়াচে রোগ। আক্রান্তদের আইসোলেশনে রাখা প্রয়োজন; কিন্তু হাসপাতালগুলোতে অন্য শিশুদের সঙ্গেই হাম রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। তাই হাসপাতাল থেকেও শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছেন। অনেকের পরিস্থিতি জটিল হয়ে উঠছে। সংক্রমণ ধরা পড়ার পর তিন মাস পর শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।