দেশে বায়ুবাহিত রোগ হামের প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৮৭ জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের শরীরে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।
হাসপাতালে রোগী ভর্তির চিত্র বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২ হাজার ৪৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ১ হাজার ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫০০ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২৮৬ জন এবং সিলেট বিভাগে ১৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। ময়মনসিংহ ও রংপুর বিভাগে যথাক্রমে ৪৬ ও ৪২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহিত রোগ। এর সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকা প্রদান এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মানবকণ্ঠ/ডিআর




Comments