দেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়েনি, এটি সরকারের সফলতা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে সারাবিশ্বে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়লেও বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি। এটি বর্তমান সরকারের একটি বড় সফলতা। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতসহ বিশ্বের প্রায় সব দেশেই তেলের দাম ৫০ শতাংশ থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে, কিন্তু সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশে দাম স্থিতিশীল রেখেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এর ফলে আমাদের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। যুদ্ধের এই সংকটের মধ্যেও দেশের অর্থনীতি ও দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
জ্বালানি তেলের দাম ভবিষ্যতে সমন্বয়ের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “জনগণকে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং অর্থনীতিকে নিরাপদ রাখতে তেলের দামে কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় হতে পারে। তবে সেটি করা হবে জনগণকে সর্বোচ্চ নিরাপদ অবস্থানে রেখেই।”
মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে বা ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কার্যকর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকার সব সময় প্রবাসীদের পাশে আছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments