Image description

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে অন্তত ৭ হাজার ৬১০ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ১১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সময়ে এই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। মোট আক্রান্ত ৭ হাজার ৬১০ জন শিশুর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে অধিদপ্তরের তথ্যে জানানো হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তের দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত ২২ দিনে এই বিভাগে ৩ হাজার ২৫৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪৬৮ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত।

গত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাম সন্দেহে সারাদেশে ৯৭৪ জন নতুন রোগী আক্রান্ত হয়েছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬৫৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।

বিভাগীয় মৃত্যুর হিসেবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে পরিস্থিতির চরম অবনতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং শিশুদের নিয়মিত টিকার আওতায় আনার তাগিদ দিয়েছে।

মানবকণ্ঠ/আরআই