Image description

সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে ১১ জুন পর্যন্ত।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ২০টি ইলিশ সমৃদ্ধ জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার চাঁদপুরে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ করা থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে শুরু করে স্থানীয় বাজার পর্যন্ত সরকারের কঠোর নজরদারি থাকবে। প্রজনন মৌসুমে নিয়ম অমান্য করে জাটকা ধরলে বা বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আমিন উর রশিদ পুনরায় পরিষ্কার করেন যে, পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

দেশের মৎস্য সম্পদ বিশেষ করে ইলিশের উৎপাদন বাড়াতে এবং জেলেদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকাকালীন ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা ও অন্যান্য প্রণোদনা অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মানবকণ্ঠ/আরআই