আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
এছাড়া, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ধর্মমন্ত্রী।
মানবকণ্ঠ/ডিআর




Comments