রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ডিএমপির লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যেগুলোর তদন্ত চলমান।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সাংবাদিকদের জানান, তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান এবং সাবেক মন্ত্রী-এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হন। শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও এবার তাকে গ্রেপ্তার করা হলো।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং পরপর তিন মেয়াদে এ দায়িত্ব পালন করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments