বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এর আগে মঙ্গলবার ভোর রাতে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। প্রাথমিক পর্যায়ে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে তিনি জনসমক্ষে ছিলেন না। তার বিরুদ্ধে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা তিন মেয়াদে তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments