মাত্র ১৪ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটারে ২৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২২৭.০৮ টাকা। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও দাম প্রতি লিটারে ১.৩২ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮ ডলার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দর ঘোষণা করে। মঙ্গলবার রাত ১২টার পর থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে ৮৯.৫৯ টাকা বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা হয়েছিল। এবার সেটি আরও এক ধাপ বেড়ে ২২৭ টাকা ছাড়াল।
পরিসংখ্যান অনুযায়ী, এক মাসের ব্যবধানে এটি জেট ফুয়েলের দাম বৃদ্ধির তৃতীয় ঘটনা। এর আগে গত ৮ মার্চও একবার দাম বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে বিইআরসি এই সিদ্ধান্ত নিচ্ছে। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই দাম নির্ধারণ করলেও বর্তমানে বিইআরসি এই দায়িত্ব পালন করছে।
জ্বালানির এই দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়ায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা, যা সাধারণ যাত্রীদের জন্য অতিরিক্ত খরচের বোঝা হয়ে দাঁড়াবে।
মানবকণ্ঠ/আরআই




Comments