Image description

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার কিংবা তারও বেশি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঝড়ের সময় প্রবল বজ্রপাত এবং দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মূলত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এই মৌসুমি বায়ুর প্রভাবে বৈশাখী ঝড়ের তীব্রতা বাড়ছে। নদী বন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কসংকেত মেনে চলতে বলা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই