মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অকটেন নিয়ে প্রথম জাহাজ দেশে পৌঁছেছে। ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামক জাহাজটি বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে। এই চালানের ফলে গত এক মাস ধরে দেশে চলা অকটেন সংকটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ‘ভিটল’ এই অকটেন সরবরাহ করেছে। তেলটি মালয়েশিয়া থেকে আনা হয়েছে। নতুন এই জাহাজ থেকে জ্বালানি খালাস ও দেশব্যাপী সরবরাহের দায়িত্বে রয়েছে সরকারি তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান জানান, বর্তমানে দেশে অকটেনের বড় কোনো সংকট নেই। নতুন এই চালানটি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আগামী দুই দিনের মধ্যে জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শেষ হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটে। বিশেষ করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের প্রধান জ্বালানি অকটেনের তীব্র সংকট দেখা দেয়। দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ‘অকটেন নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে দেখা গেছে এবং অনেক জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্রাহকরা তেল পাননি।
বিপিসির তথ্য অনুযায়ী, গত ৬ এপ্রিল পর্যন্ত দেশে ১০ হাজার ৫২৬ মেট্রিক টন অকটেন মজুত ছিল। মার্চ মাসে প্রতিদিন গড়ে ১ হাজার ২২২ টন অকটেন বিক্রি হলেও সরবরাহ ঘাটতির আশঙ্কায় এপ্রিলে তা কমিয়ে ১ হাজার ১১৪ টনে নামানো হয়। তবে নতুন এই ২৬ হাজার টনের চালান বাজারে স্বস্তি ফেরাবে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪ লাখ ১৫ হাজার টন অকটেন বিক্রি হয়েছে, যার অর্ধেক দেশে উৎপাদিত হয় এবং বাকি অর্ধেক বিদেশ থেকে আমদানি করতে হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে গত মাসে নির্ধারিত কিছু জাহাজ আসতে না পারলেও নতুন এই চালানটি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments