Image description

রাজধানীর শ্যামপুরের লাল মসজিদ এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা আয়োজিত এ মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মরহুমের পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং মরহুমের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন, দলের প্রতি অবদান এবং এলাকার মানুষের জন্য তাঁর দীর্ঘদিনের কর্মকাণ্ড স্মরণ করা হয়। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমের জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।

এনএ