Image description

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি বেইজিংয়ের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এছাড়া আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সফরে যোগ দিতে চীনে রওনা হবেন।

সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম বিদেশ সফর। ২১ এপ্রিল পর্যন্ত নির্ধারিত এই সফরে প্রতিনিধি দলটি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে যাওয়া এই প্রতিনিধি দলে আরও রয়েছেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু, প্রখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান এমপি, নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য সৈয়দ আল নোমান, মো. মনোয়ার হোসেন এমপি, মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/আরআই