দেশের বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বর্তমানে পাম্পগুলোতে ঠিক কত দিনের অকটেন ও ডিজেল মজুত আছে, জ্বালানি মন্ত্রীর কাছে তার সুনির্দিষ্ট হিসাব চেয়েছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি বলেন, “সরকার দাবি করছে জ্বালানির কোনো ঘাটতি নেই, অথচ তেল নিতে গেলে পাম্পগুলোতে ৩ কিলোমিটার লম্বা লাইন দেখা যাচ্ছে। যদি সংকটই না থাকে, তবে ড্রাইভারদের কেন মাঝরাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে?”
সরকারের নীতি ও মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে রুমিন বলেন, “মাননীয় স্পিকার, ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’। তেলের দাম শেষমেষ বাড়ানোই হলো। কিন্তু দাম বাড়ানোর আগে আমরা কী দেখলাম? মাইলের পর মাইল দীর্ঘ লাইন, তেলের জন্য হাহাকার। মন্ত্রীরা সংসদে অবলীলায় বলছেন জ্বালানির ঘাটতি নেই, অথচ বাস্তবে চিত্র উল্টো। সরকারের কোনো হেলদোল নেই।”
রুমিন ফারহানা আরও প্রশ্ন তোলেন, “জ্বালানির সংকট যদি না-ই থাকে, তবে অফিসের সময় পরিবর্তন কেন করতে হচ্ছে? কেন তেলের দাম এক লাফে এত বাড়ানো হলো?” এ সময় তিনি বর্তমান মজুতের সঠিক তথ্য এবং এই অস্থিতিশীল পরিস্থিতির প্রকৃত কারণ সংসদে ব্যাখ্যা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সংসদে রুমিন ফারহানার এই বক্তব্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। তিনি দেশের সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, জ্বালানি সংকটের কারণে অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
মানবকণ্ঠ/আরআই




Comments