অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইরান। তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের পার্শ্ব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই ইতিবাচক বার্তা পাওয়া গেছে।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র চলাচল সহজ ও নিরাপদ করার জন্য ইরানের মধ্যস্থতা কামনা করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইরান যখন হরমুজ পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন ঢাকা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তিনি চলমান আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শন করে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।
বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানান, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশের জাহাজের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করার বিষয়ে একমত হয়েছেন। মূলত গুরুত্বপূর্ণ এই নৌপথে বাংলাদেশি জাহাজের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments