ঢাকা মহানগরীর মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ের মোট ১৫০ জন শিক্ষার্থী এখন থেকে সরাসরি সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার বিরল সুযোগ পাবেন। তবে এই সুযোগ পেতে শিক্ষার্থীদের মানতে হবে ছয়টি কড়া শর্ত। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দকৃত ১৫০টি আসনের মধ্যে মাউশি থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ২৫ জন শিক্ষার্থী দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশন দেখার সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের জন্য সংসদ ভবনের শিশু গ্যালারিতে ৫০টি এবং শিউলী বা শিমুল গ্যালারিতে ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সংসদ সচিবালয় কোনো কারণ দর্শানো ছাড়াই এই অনুমতি বাতিলের ক্ষমতা রাখে।
সংসদ দেখার ৬টি শর্ত:
১. প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে পরিদর্শনকারীর তালিকা যুক্ত করে কমপক্ষে ৭ কার্যদিবস আগে সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।
২. আবেদনে ফোকাল পয়েন্ট কর্মকর্তার তথ্যসহ শিক্ষার্থীদের আইডি কার্ড, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি থাকতে হবে।
৩. প্রবেশের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।
৪. ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাগ, কোনো ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না।
৫. মার্জিত ও শালীন পোশাক বা ইউনিফর্মের সঙ্গে স্টুডেন্ট আইডি কার্ড দৃশ্যমান অবস্থায় রাখতে হবে।
৬. সংসদ ভবনের ভেতর শোরগোল বা ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান তৈরি হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments