Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম দায়িত্বহীনতার দায়ে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষের মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়।

পরীক্ষার্থীরা বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের নজরে আনলেও শুরুতে তারা তা আমলে নেননি। দীর্ঘ সময় পর সকাল সাড়ে ১১টার দিকে ভুল ধরা পড়লে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে। এ কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে পরীক্ষার সময় দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত বাড়ানো হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অতিরিক্ত সময় শেষ হওয়ার আগেই পরিদর্শকরা তাদের কাছ থেকে খাতা কেড়ে নিয়েছেন, যা নিয়ে কেন্দ্রজুড়ে চরম অসন্তোষ তৈরি হয়।

ক্ষুব্ধ অভিভাবকরা জানান, কেন্দ্রসচিবের চরম গাফিলতির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অব্যাহতি পাওয়া কেন্দ্রসচিব ও ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভুলবশত পুরনো প্রশ্ন বিতরণ করা হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে সঠিক প্রশ্নে পরীক্ষা নিয়েছি।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, খবর পাওয়ার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছিল। তবে দায়িত্ব পালনে অবহেলার কারণে কেন্দ্রসচিবকে ইতোমধ্যে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই