ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র জমা প্রদানের প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে জমা দেওয়া এসব মনোনয়নপত্র বাছাই কার্যক্রম।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রম চলবে। আজ বুধবার দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু হবে এবং আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে পুনরায় দ্বিতীয় দিনের বাছাই প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বাছাই প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে কমিশনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাছাইয়ের সময় সংশ্লিষ্ট প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে এই বাছাই কার্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর বৈধ প্রার্থীদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই প্রার্থিতা প্রত্যাহার এবং পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে চূড়ান্ত নির্বাচনের পথে এগোবে কমিশন।




Comments