Image description

বৈশাখী দাবদাহে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায়। গতকাল মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বুধবারও (২২ এপ্রিল) এই গরমের দাপট অব্যাহত থাকতে পারে। তবে ভ্যাপসা গরম থাকলেও আপাতত বৃষ্টির কোনো সুখবর নেই।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ, যা অস্বস্তিকর গরমের অন্যতম কারণ। এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

টানা কয়েকদিনের এই শুষ্ক আবহাওয়া ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। বিশেষ করে শ্রমজীবী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার তেমন কোনো জোরালো সম্ভাবনা নেই।