Image description

হলিউডের পর্দায় আবারও দাপট দেখাতে ফিরছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও সিরিজটির দ্বিতীয় সিজনের ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ট্রেলার প্রকাশ করেছে।

ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে বহুল প্রতীক্ষিত এই সিরিজের মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে ‘সিটাডেল ২’ স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে। প্রথম সিজনের মতো এবারও নাদিয়া সিন চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া এবং মেসন কেইন চরিত্রে রিচার্ড ম্যাডেনকে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে।

প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, আগের চেয়ে আরও বড়, অন্ধকারময় এবং বিপজ্জনক মিশনে নামছেন গোয়েন্দারা। ধ্বংস হয়ে যাওয়া এলিট গোয়েন্দা সংস্থা ‘সিটাডেল’-এর সাবেক এজেন্ট নাদিয়া (প্রিয়াঙ্কা), মেসন (রিচার্ড) এবং বার্নার্ড অরলিক (স্ট্যানলি টুসি) আবারও একজোট হয়েছেন। তাদের সামনে এবার বড় চ্যালেঞ্জ রহস্যময় এবং শক্তিশালী অপরাধী সংগঠন ‘ম্যান্তিকোর’।

সিরিজটির মূল কাহিনী আবর্তিত হয়েছে স্মৃতি হারানো একদল বিশ্বসেরা গোয়েন্দার পুনরুত্থান ও লড়াইকে কেন্দ্র করে। নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে তারা নতুন এক দল গঠন করছেন এবং বিশ্বজুড়ে শুরু হয়েছে শ্বাসরুদ্ধকর অভিযান। এবারের সিজনে বিশ্বাসঘাতকতা এবং নতুন কিছু রহস্যময় চরিত্রের উপস্থিতি দর্শককে টানটান উত্তেজনার মধ্যে রাখবে বলে আভাস দেওয়া হয়েছে।

অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত অ্যান্থনি রুসো ও জো রুসো। শো-রানার ও পরিচালক হিসেবে কাজ করছেন ডেভিড ওয়েইল। ‘সিটাডেল’ প্রথম কিস্তিতে প্রিয়াঙ্কার মারকাটারি অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছিল, তাই দ্বিতীয় সিজন নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই