দেড় মাসের শিশুকে নিয়ে গ্রেপ্তারের পর কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগম জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার সকালে তিনি মুক্তি পান।
আগেরদিন শিশুসহ গ্রেপ্তার ওই নেত্রীর পক্ষে ঢাকার আদালতে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরে শুনানিতে তার জামিন মঞ্জুর করা হয়। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর তেজগাঁও থানায় করা বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় শিল্পী বেগমকে। তার সঙ্গে শিশুসন্তানটিকেও নেওয়া হয় কারাগারে।
আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, জামিনের আনুষ্ঠানিকতা শেষে আজ গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে শিল্পী বেগমকে।
২০২৫ সালের ২৫ জানুয়ারি করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় শিল্পী বেগমকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৩ জুলাই সন্ধ্যায় আসামির নির্দেশে একদল লোক দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে বাদীর বাসায় হামলা চালায়।
তদন্ত কর্মকর্তা জানান, স্থানীয় তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গত ২০ এপ্রিল সন্ধ্যায় বাসা থেকে গ্রেপ্তার করা হয় শিল্পী বেগমকে।




Comments