Image description

দেশীয় ঐতিহ্যের প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সমতা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ এবং স্কুল ড্রেস বিতরণ করা হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, “পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে সারাদেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। প্রথম মাসেই আমরা প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর কাছে এই উপকরণগুলো পৌঁছে দেব।”

তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি পরিচালিত হবে। পর্যায়ক্রমে এটি সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত করা হবে।

এই উদ্যোগের মূল দর্শন ব্যাখ্যা করে মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো সমাজে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করা। একই ধরনের পোশাক ও ব্যাগ ব্যবহারের মাধ্যমে ধনী-দরিদ্রের পার্থক্য ঘুচে যাবে এবং শিশুদের মধ্যে এক ধরনের সমতার মানসিকতা তৈরি হবে।”

পরিবেশ সুরক্ষায় পাটের ব্যাগ ব্যবহারের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, “আমরা পলিথিন ব্যবহারের বিরুদ্ধে এবং পরিবেশবান্ধব পণ্যের পক্ষে একটি সিগনাল দিতে চাই। এর মাধ্যমে খুদে শিক্ষার্থীদের লার্নিং বা শেখা শুরু হবে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার মধ্য দিয়ে। এটি আমাদের হারানো ঐতিহ্য ও পাটের গৌরব পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।”

তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক এলাকা পর্যন্ত পর্যায়ক্রমে এই সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ‘ভিশন’ বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।

মানবকণ্ঠ/আরআই