চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে এই সংগ্রহ অভিযান শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ধান, চাল ও গমের এই ক্রয়মূল্য নির্ধারণ করা হয়।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানান, এ বছর প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এ ছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে কেনা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩ মে থেকে বোরো ধান ও গম সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। তবে চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একইভাবে ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সংগ্রহের সময়সীমা পরবর্তীতে বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
খাদ্য নিরাপত্তা ও মজুত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে চালের বার্ষিক চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। বর্তমানে উৎপাদন চাহিদার কাছাকাছি রয়েছে, তাই কোনো ঘাটতি নেই। এ বছর বোরো আবাদ ভালো হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। ফলে আমরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা করছি।’
তিনি আরও জানান, জাতীয়ভাবে খাদ্যশস্যের নিরাপত্তা মজুত নিশ্চিত করতেই এই বৃহৎ সংগ্রহ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, সরকার সেদিকে বিশেষ নজর রাখছে।
মানবকণ্ঠ/আরআই




Comments