Image description

যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় পতাকাবাহী বিমানকে লাভজনক করতে ১৪টি নতুন বোয়িং বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। একই সঙ্গে বিমান বহর সম্প্রসারণে এয়ারবাসের কাছ থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, “সরকার বিমানের বহর বড় করতে এবং সেবাকে আরও গতিশীল করতে ১৪টি বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এয়ারবাসের সঙ্গেও আমাদের আলোচনা চলছে। আমরা একটি ‘মিক্সড ফ্লিট’ বা মিশ্র বহর তৈরির পরিকল্পনা করছি। ২ থেকে ৩ মাসের জন্য বিমান লিজ নিয়ে বহর বাড়িয়ে তা লাভজনক করার চেষ্টা চলছে।” তিনি আরও জানান, বিগত অন্তর্বর্তী সরকারের তৈরি করা খসড়া চুক্তির বিষয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জাপানের সঙ্গে আকাশপথে সংযোগ নিয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী জুন মাস থেকেই টোকিওতে বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে। প্রাথমিকভাবে স্লট নির্ধারণ করা হচ্ছে এবং লাভজনক হলে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে।

হজযাত্রী পরিবহনের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি বলেন, “হজ ফ্লাইটগুলো বর্তমানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।”

সাক্ষাৎকার শেষে প্রতিমন্ত্রী আরও জানান, গত দুই মাসের হিসাব অনুযায়ী বিমান কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছে। নতুন বিমান যুক্ত হলে এই ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।

এদিকে, এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে পুলিশ ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই