নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশনে ঢোকার ঠিক আগে কাজিয়াটি এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই নারী অসতর্কভাবে রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁর হাতে শাখা পরা থাকায় ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী। তাঁর পরনে একটি চেক শাড়ি ছিল। পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে।"
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের সঠিক পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments