দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে এবং এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১ জন করে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকা বিভাগে হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট ৫ শিশু প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে রোগটির বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ২৮ হাজার ৩৩৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৫৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৮ হাজার ৮৪৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৫ হাজার ৭২৮ জন শিশু। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক শিশু চিকিৎসাধীন রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রকোপ রোধে শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
মানবকণ্ঠ/ডিআর




Comments