Image description

উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুত করতে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণের জোর দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, এই রেলপথটি নির্মিত হলে যাতায়াতের দূরত্ব ও সময় উভয়ই উল্লেখযোগ্য হারে কমে আসবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

বক্তব্যে আখতার হোসেন বলেন, "উত্তরাঞ্চলের মানুষ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দিক থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বিশেষ করে ত্রুটিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং গোটা অঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে।"

রেলপথের বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, "ঢাকা থেকে রংপুর বিভাগের কোনো মানুষ যখন ট্রেনে যাতায়াত করেন, তখন তাদের অতিরিক্ত চার ঘণ্টা সময় ট্রেনে বসে অপচয় করতে হয়। এর প্রধান কারণ হলো সিরাজগঞ্জ থেকে বগুড়া যাওয়ার সরাসরি কোনো রেলপথ নেই। ট্রেনকে নওগাঁ, নাটোর ও পাবনা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়।"

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সরাসরি রেলপথ নির্মাণ করা হলে পথের দূরত্ব অনেক কমে আসবে এবং মানুষের দীর্ঘদিনের রেলযাত্রার ভোগান্তি লাঘব হবে। এটি উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই জনস্বার্থে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

মানবকণ্ঠ/ডিআর