Image description

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে (৩৪) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ পেশাদার ছিনতাইকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। তিনি পদুয়ার বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে বাস থেকে নামার পর স্ট্যান্ডে ফিরে আসার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় চালকসহ আগে থেকেই ৪ জন পেশাদার ছিনতাইকারী ওত পেতে ছিল। যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বুলেটকে তাদের মাঝখানে বসিয়ে কৌশলে জিম্মি করে ফেলে।

জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা জানায়, অস্ত্রের মুখে তারা বুলেটের মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেয়। ধারণা করা হচ্ছে, ঘুমের ঘোরে থাকা বুলেট হুট করে জিম্মি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের সাথে ধস্তাধস্তি করেন। ছিনতাই শেষে ঘাতকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় চলন্ত অটোরিকশা থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিখোঁজের সাত ঘণ্টা পর শনিবার সকালে সড়কের ফুটপাত থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

র‍্যাব-১১-এর কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে ৪ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এবং অন্যজনের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা সবাই দুর্ধর্ষ অপরাধী এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই রেলওয়ে ডাকাতির মামলা রয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

মানবকণ্ঠ/আরআই