চলন্ত ট্রেনের কামরায় যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে এক তরুণীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে এক যুবককে চড় মারার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে চলছে তীব্র বিতর্ক ও আলোচনা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যাত্রীতে ঠাসা একটি ট্রেনের কামরায় এক তরুণী উত্তেজিত হয়ে এক যুবককে বারবার চড় মারছেন। তরুণীর দাবি, ভিড়ের সুযোগ নিয়ে ওই যুবক তাকে কুরুচিপূর্ণভাবে স্পর্শ করেছেন। অন্যদিকে, অভিযুক্ত যুবক নিজেকে নির্দোষ দাবি করে বারবার বলছেন যে, ধাক্কাধাক্কির কারণে অনিচ্ছাকৃতভাবে তাঁর হাত লেগে থাকতে পারে। তবে তরুণী সেই অজুহাত মানতে নারাজ হয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
ভিডিওর একপর্যায়ে দেখা যায়, যুবক হাত তুলে নিজেকে রক্ষার চেষ্টা করলেও তরুণী থামেননি। পাশে থাকা অন্য যাত্রীদের বেশিরভাগই নির্বাক হয়ে পুরো ঘটনাটি দেখছিলেন, কেউ পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে আসেননি।
ভিডিওটি 'ঘর কে কলেশ' নামক একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটাগরিকদের একটি বড় অংশ তরুণীর এই প্রতিবাদকে সাহসী পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানিয়েছেন। তবে অপর একটি অংশ মনে করছেন, কোনো প্রমাণ ছাড়া জনসম্মুখে কাউকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা ঠিক নয়।
এই ঘটনাটি আবারও গণপরিবহনে নারী নিরাপত্তা এবং জনসমাগমপূর্ণ স্থানে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক আইনগত সহায়তা নেওয়া এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা জরুরি।
মানবকণ্ঠ/আরআই




Comments