Image description

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৬ এপ্রিল) উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের একটি ভবনে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মনার কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, তিনটি একনলা শটগান, একটি পিস্তলের ম্যাগাজিন, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার ছুরি। এছাড়া তার কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনা স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে সে অন্য সন্ত্রাসীদের কাছে সরবরাহ ও বিক্রি করত। এছাড়া সে নিজে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি নেতৃত্ব দিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মনার বিরুদ্ধে এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এই অভিযানের পর তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/আরআই