নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার ধনু নদ এলাকা, সাতগাঁও এবং কৃষ্ণপুর গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মৎস্যজীবী, একজন কৃষক এবং অন্যজন ধান ব্যবসায়ী।
নিহতরা হলেন—ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) এবং সিরাজগঞ্জ জেলার আকনাদিঘীরচর গ্রামের ধান ব্যবসায়ী শুভ মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মোতালিব তাঁর দুই সঙ্গীর সাথে সোমবার ভোরে ঈশ্বরগঞ্জ থেকে মাছ শিকারের উদ্দেশ্যে খালিয়াজুরীর ধনু নদে আসেন। সকাল ৯টার দিকে রসুলপুর ফেরিঘাটের পাশে বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর সঙ্গী মুজিবুর রহমান জানান, তাঁরা ভোরে অটোরিকশা নিয়ে রওনা হয়ে মদনের উচিতপুর হয়ে জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় পৌঁছান। মাছ ধরা শুরু করার কিছুক্ষণ পরই বৃষ্টির সাথে প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয় এবং মোতালিব নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এদিকে, দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির আঙিনায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন মোনায়েম খাঁ পালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, একই সময়ে কৃষ্ণপুর এলাকায় ব্যবসায়িক কাজে অবস্থানকালে বজ্রপাতে মারা যান ধান ব্যবসায়ী শুভ মণ্ডল।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments